বাজারে ফের বাড়তে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। বৃষ্টিতে সরবরাহ ঘাটতির কথা বলে আবারও মুরগির দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (০৪ আগস্ট) ঢাকার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ১৭০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়; গত সপ্তাহে এই মুরগি ছিল ২৮০ টাকা।
মুরগি ব্যবসায়ীরা বলেন, বৃষ্টির কারণে সাপ্লােই কমে গেছে। তাই এ সপ্তাহে মুরগির দাম বাড়তি। সাপ্লাই কমে গেলে বাজারে মুরগির দাম বাড়তে থাকে। ফলে বাড়তির দিকে মুরগির বাজার।
এদিকে সবজির দামও বাড়তি। সবজির দাম গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল ছিল। গত দুই দিন ধরে বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। মরিচের দাম আবারও প্রতিকেজি দেড়শ টাকা থেকে বেড়ে ২০০ টাকার দিকে চলে যাচ্ছে।
সবজির মধ্যে প্রতিকেজি পটল ৪০-৪৫ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেড়শ ৪০-৫০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, কচুমুখী ৬০ টাকা, ধু্ন্দুল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা, কাচা কলার হালি ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে।