সপ্তমবারের মতো ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পেলেন তাকসিম এ খান। এ নিয়ে সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার এমডি হলেন তিনি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো। আগামী ১৪ অক্টোবর তাকসিমের বর্তমান মেয়াদ শেষ হবে।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর ৫ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই সরকার তাকে সপ্তমবার একই পদে নিয়োগ দিল।