ডলারের বিপরীতে আবারও কমলো টাকার মান

মার্কিন ডলারের বিপরীতে আবারও টাকার মান কমেছে।  চলতি বছরের জুলাই মাসে ডলারের রেট ছিল ১০৯ টাকা।  মঙ্গলবার (১ আগস্ট) থেকে ১০৯ টাকা ৫০ পয়সা দরে প্রতি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সেক্ষেত্রে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়ালো বাংলাদেশ ব্যাংক।  এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয়বারের মতো টাকার অবমূল্যায়ন হলো।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৫ টাকা ৫ পয়সা।  অর্থাৎ এক বছর আগে ডলারের রেট ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।  তার মানে এক বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৬ শতাংশ।

এর আগে সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) মার্কিন ডলারের বিনিময় হার সমন্বয় করেছে।  দুটি সংস্থার ঘোষণা অনুযায়ী নতুন আন্তব্যাংক ডলারের রেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে, রফতানিকারকরা বর্তমানে প্রতি ডলার পাচ্ছেন ১০৮ টাকা ৫০ পয়সা করে, যেখানে রেমিট্যান্সের ক্ষেত্রে ডলার রেট ১০৯ টাকা এবং আমদানি নিষ্পত্তির জন্য লেনদেন চলছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা করে।