অতিরিক্ত আইজিপি হলেন তিন পুলিশ কর্মকর্তা

পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন তিনজন কর্মকর্তা।  বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক (ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার বা কনস্যুলার) সেলিম মো. জাহাংগীর, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি, চলতি দায়িত্ব) হাবিবুর রহমান।

জাহাঙ্গীর ও দেবদাস দুজনই বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। হাবিবুর বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।  পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।