শাকিব খানের ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমায় অভিনয় করবেন আমির খানের ভাই

‘প্যান ইন্ডিয়ান’, পাঁচ ভাষায় একযোগে মুক্তি পাবে, নায়িকা হবেন বলিউডের জেরিন খান। যদিও এখনও চূড়ান্তভাবে নায়িকার বিষয়টি বলা হয়নি।

প্যান ইন্ডিয়ান ছবির চর্চা দেখা যায় গোটা বিশ্বে। এবার সেই ছবি করতে যাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, ভারতের প্রথমসারীর সংবাদমাধ্যমে গত কয়েকদিন ধরে খবরটি গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে। পাশাপাশি খবরটি ফলাও করে প্রচার হচ্ছে পাকিস্তানী গণমাধ্যমেও।

জানা গেছে, শাকিব খানকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে ইন্ডিয়ার বেনারসে এর শুটিং শুরু হবে। বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে ইন্ডিয়াতে আছেন অনন্য মামুন।

ছবি রিলেটেড আগামী সপ্তাহে সবকিছু ঘোষণা দেয়া হবে জানান পরিচালক। তিনি বলেন, কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশী কিছু জানাতে পারছি না।

বাংলাদেশে শাকিবের লাখও অনুসারীর দীর্ঘদিনের চাওয়া ছিল তিনি হিন্দি ছবিতে অভিনয় করবেন। অনন্য মামুনের তরফ থেকে শাকিবকে নিয়ে এমন ছবির আভাস পাওয়া তারা অন্তর্জালে মেতে উঠেছেন। সিনেমা প্রেমীরা বলছেন, গত ঈদে ‘প্রিয়তমা’ ছবি দিয়ে শাকিব দর্শকদের কাছে নতুন করে ব্যাপক আলোচিত হয়েছে। ছবিতে তার দুর্দান্ত অভিনয়, লুক এবং রেকর্ড পরিমাণে ব্যবসায়িক সাফল্য বাংলা চলচ্চিত্রকে নতুন করে জাগিয়ে তুলেছে।

চূড়ান্ত ঘোষণার আগেই শাকিবের নায়িকার তালিকায় উঠে এসেছে শেহনাজ গিল, জেরিন খান, প্রীতি দেসাই, নেহা শর্মার নাম। পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানায়, জেরিন খান অথবা শেহনাজ গিল এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে ছবিতে।

অনন্য মামুন বলেন, বাংলাদেশ থেকে যে চ্যালেঞ্জ নিয়ে নেমেছি এটা শাকিব ভাইকে সঙ্গে না নিলে সম্ভব হতো না। প্রত্যেক প্রযোজক তার লগ্নীকৃত অর্থ ফেরতের গ্যারান্টি চান। শাকিব ভাই এমন একজন সুপারস্টার, যাকে নিলে লগ্নী ফেরতের গ্যারান্টি থাকে। অন্যদের ছোট করছি না, তবে তাদের ভ্যালু কনটেন্ট দেখার পরে, কিন্তু শাকিব ভাইয়ের বিশেষত্ব হচ্ছে তাকে রাখলে একটা নাম্বার অব অ্যামাউন্ট অর্থ সিকিউরিটি হিসেবে গ্যারান্টি থাকে।