সাগরে লঘুচাপ, দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ঊরিষ্যা উপকূলের অদূরে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ঊরিষ্যা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই ) আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ  তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯৩ শতাংশ। আগামী তিন দিনে (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান ২৪ দশমিক ৬ ডিগ্রি।