আবারও কলকাতার সিনেমায় দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। টলিউড অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর হাত ধরে দ্বিতীয়বারের মতো ওপার বাংলার বড় পর্দায় দেখা যাবে তাকে। ইতোমধ্যেই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
যেখানে মোশাররফ করিমের পরনে লুঙ্গি, গায়ে শার্ট, লুঙ্গিটা উল্টো করে বাঁধা। গলায় শোভা পাচ্ছে গাঁদা ফুলের মালা। দু’দিকে হাত প্রসারিত করে হাসছেন এই অভিনেতা। তার ডান হাতে রিভলভার। তাকে ঘিরে রেখেছেন সাতজন যুবক।
নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমন এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্র্যাত্য বসুর সিনেমার গল্প।
ছবির নাম ‘হুব্বা’। এতে নাম ভূমিকায় দেখা যাবে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে। ছবিতে পৌলমী বসুসহ অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কিছু শিল্পী।
ছবি প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে পরিচালক ব্রাত্য বলেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। একসময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ”
‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছেন। প্রযোজক-পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি।
এর আগে ২০২১ সালে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবিতে দেখা যায় মোশাররফ করিমকে।