৫০ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল

পঞ্চাশ বছর বয়সে আবারও বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।  বৃহস্পতিবার (২০ জুলাই) পুত্র সন্তানের জন্ম দেন তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।  এ প্রেমিক জুটির এটি দ্বিতীয় সন্তান।

ইনস্টাগ্রামে এক পোস্টে অর্জুন রামপাল লেখেন, আজকে আমি এবং আমার পরিবার আশীর্বাদ স্বরূপ একটি পুত্র সন্তানে পেয়েছি।  আমরা চাঁদের আলোয় ভাসছি।  মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।  ডাক্তার এবং নার্সদের অসংখ্য ধন্যবাদ।  এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের।  পরে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়।  এরপর থেকে লিভ-ইন করছেন তারা।  ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা।  ৪ বছর পর তাদের জীবনে এলো দ্বিতীয় সন্তান।

১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল।  ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।  এ সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।