চট্টগ্রামে নৌকা প্রার্থীর ক্যাম্পে হামলা, বিএনপির ৩০০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপির ৩০০ অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি জানান, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে আরিফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মী মামলাটি করেছেন। মামলায় বিএনপির ৩০০ অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এর আগে, গতকাল (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি থেকে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সড়কের পাশে থানা মোটরসাইকেল, প্রাইভেটকার, পুলিশের গাড়ি এবং নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।
এর ঠিক আধঘন্টা পর এ হামলার প্রতিবাদে খন্ড খন্ড মিছিল সহকারে নগরের কাজির দেউড়ি এলাকার বিএনপির কার্যালয় নছিমন ভবনের সামনে জড়ো হয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছসেসবকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপি নেতাকর্মীদের ব্যানার-পোস্টার ছিড়ে তা সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত নেতাকর্মীদের নিবৃত করে।