আপনার মধ্যে কী জাদু আছে, ব্যারিস্টার সুমনকে হাইকোর্ট

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘আপনার মধ্যে এমন কী জাদু আছে যে আপনার ফুটবল খেলা দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে?’

এক মামলার শুনানির সময় কথা প্রসঙ্গে বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘সুমন সাহেব আপনার মধ্যে কী এমন জাদু আছে আপনি যেখানে  ফুটবল খেলতে যান সেখানেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে। নারী-পুরুষ সব শ্রেণির মানুষ আপনার খেলা দেখতে সমবেত হয়। এসময় বেঞ্চের অপর বিচারপতি খিজির হায়াত একই কথা বলেন। তখন ব্যারিস্টার সুমন কিছুক্ষণ নিরব থেকে বলেন, ‘আমার কাজের সমালোচনা করলে আমি জবাব দেই না। নিরব থাকি। মানুষ আমার কাজকে ভালোবাসে।’

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে রিট শুনানির এক পর্যায়ে আদালতে এ প্রসঙ্গ উঠে আসে।

পরে আদালত খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে দুদকের অনুসন্ধান প্রতিবেদন আগামী ৯ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দেন।