ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা জেন বার্কিন আর নেই

বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন আর নেই।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।  রোববার (১৬ জুলাই) প্যারিসে তার মৃত্যু হয়।  সিএনএনের প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।  ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, জেনের মৃত্যু খবর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে জেনের নিথর দেহ।  অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রেও তেমন তথ্যই জানানো হয়েছে।  ২০২১ সালে স্ট্রোক করেছিলেনি বার্কিন।  তারপর থেকেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এ অভিনেত্রী।

জেন বার্কিন ১৯৪৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।  জন্মসূত্রে ব্রিটিশ হলেও ফ্রান্সেই নিজের কর্মজীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন জেন বার্কিন।  সেখানেই অভিনেত্রী হিসেবে খ্যাতি এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।  ব্রিটিশ নাগরিক হলেও শেষ জীবনে পাকাপাকিভাবে ফ্রান্সের বাসিন্দা ছিলেন তিনি।

ফরাসি অভিনেতা ও গায়ক সার্জ গেইন্সবার্গের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বার্কিনের।  নিজেদের নামে একটি স্টুডিও অ্যালবামও বানিয়েছিলেন এ যুগল।  সেই অ্যালবামেরই জনপ্রিয় গান ‘জে তেম মোয়া ন প্লু’।  ওই গান গেয়েছিলেন বার্কিন, সঙ্গ দেন সার্জও।  ওই গানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ইতালিতে।

অভিনয় এবং গান ছাড়াও জেন বার্কিনের অন্যতম উল্লেখযোগ্য অবদান ফ্যাশনের জগতে।  বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড ‘হার্মিজ’-এর বার্কিন ব্যাগের নেপথ্যে ছিলেন তিনি।