জনগণকে সঙ্গে নিয়ে সরকার ফেলে দেব: ফখরুল

জনগণকে সঙ্গে নিয়ে সরকার ফেলে দেব মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সকল হেডকোয়ার্টার দখল করে নেব। আমরা হরতাল-অবরোধ দেইনি, পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে সরকার ফেলে দেব।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে বৃহত্তর নোয়াখালীর পাঁচ জেলার ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষক ভাইদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আগে সার ৩০০ টাকা বস্তা ছিল, এখন ১২০০। সারের দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম তিনগুণ, চারগুণ, পাঁচগুণ বেড়েছে। মানুষ সেচ করতে পারে না। বীজের দাম বেড়ে গেছে। অথচ ফসল বাজারে বিক্রি করতে গেলে দাম পায় না। কি এক দেশে আমরা বাস করি।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে সাজা দিয়ে কারাগারে রেখেছে সরকার। এক দিন দুই দিন না, ২০০৮ সাল থেকে বন্দি রেখেছে সরকার। তিনি এখন বাসায় আছেন, কিন্তু তিনি বাসায় ছিলেন না।তিনি আপনাদের বৃহত্তর নোয়াখালীর সন্তান। আজকে খালেদা জিয়া গৃহবন্দী, তাকে চিকিৎসার জন্য বাহিরে যেতে দেয় না এই ভয়াবহ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান তরুণ প্রজন্মের নেতা। যার দিকে সাড়া বাংলাদেশ তাকিয়ে আছে। যিনি অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই নেতা মিথ্যা মামলায় নির্বাসিত হয়েছেন। তাকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে, শুধু তাই নয় তাকে নির্যাতন করে কোমর ভেঙে দিয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

সমাবেশ শেষে পদযাত্রাটি শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে একলাশপুর বাজারে গিয়ে শেষ হয়। কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎসজীবী দলের আয়োজনে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নেন।