ভেঙেই যাচ্ছে রাজ-পরীর সংসার!

আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজকে নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।  ভেঙে যাচ্ছে তাদের সংসার।  ভাঙা-গড়ার গুঞ্জনের মাঝে গত ১০ জুন রাতে শেষবার পরীমণির বাসায় যান রাজ।  ছেলে রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষে একসঙ্গে কেক কাটেন তারা।

এরপর থেকে দীর্ঘ দুই মাস এক ছাদের নিচে থাকছেন না পরীমণি ও শরিফুল রাজ।  ঈদ কিংবা চলতি মাসের ১০ তারিখ (প্রতি মাসে এই তারিখে জন্মদিন পালন করা হয়) রাজ্যর জন্মদিনে কেক কেটে উদযাপনেও দেখা যায়নি রাজকে।

এবারই প্রথম রাজহীন ছেলের কেক কাটলেন পরী।  মে মাসের মাঝামাঝি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ।  সেই থেকে পরীমণি ও রাজের আলাদা জীবন শুরু।  এখন প্রশ্ন উঠেছে- তাহলে ভেঙেই যাচ্ছে এই তারকা জুটির সংসার?

পরীর ভাষ্য, রাজের সঙ্গে প্রায় দুই মাস হয় আলাদা দুজন।  রাজ কোথায় আছে,  কী করছে জানেন না তিনি।  এ প্রসঙ্গে পরীমণি বলেন, জানার ইচ্ছেও নেই।  ও তো নিজের মতো যা খুশি করছে, চলছে।  ওসব জেনে আমার কী করার!

এদিকে, জানা গেছে ঈদের পর ছুটি কাটাতে মালদ্বীপ ঘুরতে গেছেন রাজ।  এখনও দেশে ফেরেননি।  তবে মালদ্বীপ যাওয়ার আগে বিষয়টি তিনি পরীমণিকে জানান।  এ কারণে ঈদের আগের দিন রাতে বনানীতে রাজ্যকে নিয়ে পরীমণি কেনাকাটা করতে বের হলে সেখানে তাদের দেখা হয়।  তবে ঈদের দিন দুজনের দেখা ও কথা কোনোটিই হয়নি।

২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমণি ও শরীফুল রাজ।  পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।