নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।

বুধবার (৫ জুলাই) বেলা ১২টায় মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআরবি) গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে গেলে ২০-২৫ জন নারী সদস্যের একটি দল বাধা দেয় বলে জানান তিনি। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। এ সময় বস্তির বসিন্দা বলে পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি হামলায় অংশ নেন।

দফায় দফায় হামলার এক পর্যায়ে আইসিডিডিআরবি কমপ্লেক্সে আশ্র‍য় নেন হিরো আলম। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন, ‘সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর নারী বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।’

অপরদিকে হামলায় অংশগ্রহণ করা নারীরা বলেন, হিরো আলম আমাদের ওপর আগে হামলা করেছে, আমরা প্রতিহত করেছি।