কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধ, মা-ছেলেকে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহতরা হলেন- পাঁচড়া এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৭) ও তার ছেলে আলী আহসান মুজাহিদ (০৮)

মঙ্গলবার (০৪ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলা সদরের পাঁচড়া বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত আড়াইটার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় তাদের চিৎকার শুনে লোকজন ছুটে এসে মুজাহিদ ও নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

তিনি বলেন, মা-ছেলেকে হত্যার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। অপর সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।