মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা। সোমবার (৭ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ভুটানের জালে একের পর এক গোল করতে থাকে ১৫ না পেরোনো বাংলাদেশর মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন সুরভি আকন্দ। পরে আরও দুটি গোল করেন সুরভি। এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন সুরভি। সে ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
তিন দলের টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপাল দু’দলের পয়েন্ট এখন ৬। আগামী শুক্রবার টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সেই ম্যাচেই নির্ধারন হবে শিরোপা।