নিয়ম না মেনে পরিচালনার অভিযোগে চট্টগ্রামে চার আইপি টিভির অফিস সিলগালা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করা চার আইপি টিভি হলো- সিপ্লাস, সি ভিশন, ২৪ টিভি ও এসবি টিভি।
লাইসেন্স ছাড়া নিয়মবহির্ভূতভাবে সংবাদ ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে৷ চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে অবৈধ আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন ব্লগ। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায়- ২০১৭ (২০২০ সালে সংশোধিত) বর্ণিত নির্দেশনা লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা এসব ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রী খীসা।
দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, ২৪টিভি ও এসবি টিভিসহ বেশ কিছু অবৈধ অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। এসব অনলাইন টিভির কোনও নিবন্ধন নেই। দীর্ঘদিন ধরে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিল।
অনলাইন চ্যানেল/টিভি, পোর্টাল-ব্লগের তথ্য-উপাত্ত, কনটেন্ট প্রচার, প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে সেন্সরশিপ অব ফিল্মস আইন ১৯৬৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১, কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইনসহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান লঙ্ঘন করে আসছে।
উল্লেখ্য, অনুমোদনবিহীন ২৪ টিভির অফিসে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভেজাল মসলা, ভেজাল ভোজ্য তেল, ভেজাল হেয়ার অয়েল, ভেজাল মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে ২৪ টিভির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।