পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ শনিবার ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে।
এমভি ওশেন-উইনার নামেরজাহাজটি বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চীনের ২০ জন, মিয়ানমারের তিন জন এবং বাংলাদেশের একজন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওড়িশা থেকে লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কো. লি. এ তথ্য জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিতে কোস্ট গার্ডের ভারাদ ও আনমল নামের দুটি জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, তারা লাইফ র্যাফট থেকে এখন পর্যন্ত দুইজনকে উদ্ধার করেছে।
একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।