বোয়ালখালীর লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

বোয়ালখালীর লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন মারা গেছেন। রোববার (১৯ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা হলেন-বোয়ালখালীর পশ্চিম গোমদÐী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটের মুক্তিযুদ্ধে শহীদ বিরাজ দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, উজ্জ্বল দাশের শরীরের ৫০ শতাংশ ও নূর নবী হৃদয়ের শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। এর আগে ১৬ জুলাই সন্ধ্যায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫) নামের দুই শ্রমিক। এ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কনফিডেন্স লবণ কারখানায় এক বিস্ফোরণে ১০ জন দগ্ধ হন। ওইদিন তাদের চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছিল।