পূবাইলে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ১

গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি চলাকালীন সময় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তার দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) গভীর রাতে এসআই (নিরস্ত্র) সাব্বির আহমেদের নেতৃত্বে পূবাইল থানার মারুকা পশ্চিমপাড়া এলাকায় কালামের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. মেহেদী হাসান জনি (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি এবং একটি কাঠের হাতলযুক্ত লম্বা ধারালো দেশীয় অস্ত্র (তরবারি) জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যায় ।
গ্রেফতারকৃত মেহেদী হাসান জনি গাজীপুর মহানগরের পূবাইল থানার মারুকা (পশ্চিমপাড়া) এলাকার ইউনুছ আলীর ছেলে ।
এ ঘটনায় পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন‌,, মেহেদী হাসান জনি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূবাইল, টঙ্গী পূর্ব ও জিএমপি সদর থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, বিস্ফোরক দ্রব্য আইনে এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।