চলন্ত ট্রেনে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে শুধু কার্যাদেশের সীমাবদ্ধতার মধ্যে নয়, বরং এর বাইরেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি যাত্রীসেবার মান, খাদ্যের গুণগতমান, পরিচ্ছন্নতা ও যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর রেলভবন-এর কনফারেন্স কক্ষ-২১১ (পদ্মা)-এ আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন, ট্রেন পরিচালনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অনবোর্ড ও ক্যাটারিং সেবাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ রুপম আনোয়ার, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীন, সিসিএম মাহবুবুর রহমান, পশ্চিমাঞ্চলের সিসিএম সুজিত কুমার বিশ্বাসসহ অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চার বিভাগের বাণিজ্যিক কর্মকর্তারা।
সভায় বাংলাদেশ রেলওয়ের অনবোর্ড ও ক্যাটারিং সেবা পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় চলন্ত ট্রেনে খাদ্যের মান, পরিচ্ছন্নতা, সেবার জবাবদিহিতা, যাত্রী নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে সচিব ফাহিমুল ইসলাম বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার রেলসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, “বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পর্যবেক্ষণ করছেন। যাত্রীসেবায় কোনো ধরনের ব্যত্যয়, অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” সভায় অংশগ্রহণকারী বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও যাত্রীসেবার মানোন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশ রেলওয়ে অনবোর্ড ও ক্যাটারিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সুরুচি ফাস্টফুড-এর স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, “আমরা মালিকপক্ষ ঐক্যবদ্ধভাবে সচিব মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাব।” এস.এ কর্পোরেশন-এর মালিক প্রতিনিধি মতিউর রহমান সম্রাট বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে রেলওয়ের কর্মকর্তারা সবসময় সহযোগিতা করে আসছেন। তবে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত টাস্কফোর্স কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
এদিকে হাবীব বাণিজ্য বিতান-এর স্বত্বাধিকারী মামুন হোসেন বলেন, দীর্ঘদিন বিল পরিশোধ না পেলেও তারা রেলওয়ের নির্দেশনা মেনে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। অন্যদিকে বলাকা ইন্টারন্যাশনাল-এর প্রতিনিধি মতিন বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে তারা সবসময় আন্তরিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সভা শেষে যাত্রীসেবাকে আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।