পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে যাত্রীসেবার মানোন্নয়ন এবং ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে উপবন এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। গতকাল রাতে (৭৩৯ নং) উপবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। যাত্রাপথে প্রতিমন্ত্রী ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রার অভিজ্ঞতা, সেবার মান, টিকিট ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল–এর মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানরা। রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের সময়ানুবর্তিতা, টিকিট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের বিভিন্ন স্টেশনে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।