বার্লিনে চলছে বিশেষ অলিম্পিক গেমস। যেখানে ফুটবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনে লেভেল থ্রি-এর সেভেন এ সাইড ফুটবলে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে বাংলার মেয়েরা।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের মাইফেল্ডে প্রথমার্ধে গোল শুন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যুহ ভেদ করতে সক্ষম হয় বাংলাদেশ। পেয়ে যায় প্রথম গোল। এক সময় খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বাংলাদেশ। মনোবলে চিড় ধরে ইসরায়েলের নারী ফুটবল দলের। এসময় নিখুঁত পাসে বাংলার মেয়েরা আদায় করে নেয় দ্বিতীয় গোল।
শেষ পর্যন্ত দারুণ খেলে ছিনিয়ে নেয় পরম আরাধ্য স্বর্ণ। ফুটবলে বাংলার মেয়েদের জয়ের দিনে এথলেটিক্সের দীর্ঘ জাম্পে স্বর্ণ পদক জেতেন লেভেল বি’র ফাইনাল প্লাস ও ওয়ান বিশেষ অ্যাথলেট রবিউল হক।
আর হ্যান্ডবলের মেয়েদের সেমিফাইনালে সৌদি আরবকে ২৩-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ছেলেদের ভলিবল দলের সাফল্য অব্যাহত রয়েছে। দলটি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।