চট্টগ্রামে ঠিকাদারকে ছুরিকাঘাত, প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক ঠিকাদারসহ তিন জন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অরুণ দত্তের ছেলে ছোটন দত্ত (৩৩), তার বড় ভাই বিটন দত্ত (৪৩) ও জিসান (৫০)। এদের মধ্যে ছোটন দত্ত হলেন ঠিকাদার।

বুধবার (২১ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে রহমতগঞ্জ এলাকার গণপূর্ত বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহত বিটন দত্ত বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে ঠিকাদারি করছেন। সকালে ব্যাংক থেকে টাকা তুলে আমরা মোট তিন জন গণপূর্ত বিভাগের অফিসে যায়। এরপর সেখান থেকে কাজ সেরে বের হওয়ার সময় শফিউদ্দীনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে আমার ছোট ভাই ছোটন দত্তকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে তারা। আমার পিছনেও ছুরিকাঘাত করে। এসময় আমার ভাইয়ের সাথে থাকা ৩ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। আমার ছোট ভাইকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, শফিউদ্দীন মূলত র্দীঘদিন ধরে আমাদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিল। আমার ভাই চাঁদা না দেয়ায় এমন হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় অংশ নেয়া মিজান নামে এক ব্যক্তি আমার ভাইয়ের সাথে থাকা ৩ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে।

চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী রাহুল গুহ বলেন, এরকম একটি ঘটনার কথা শুনেছি। আহত ছোটন দত্ত একজন ঠিকাদার। তবে যারা হামলা করেছে তারা বহিরাগত হতে পারে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, এরকম ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।