রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৫

রাজধানীর ওয়ারী পুরনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে লাগা আগুনে পাঁচ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মো. সোহেল (৩৫), হেলাল (৪০), মামুন (৫০), আব্দুল রশিদ (৬৫) ও  আনারুল (২১)। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের এখানে পাঁচ জন দ্গ্ধ হয়ে এসেছেন, এর মধ্যে সোহেল নামে একজনের অবস্থা বেশি গুরুতর। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের মধ্যে হেলালের ১০ শতাংশ, মামুনের ১২ শতাংশ, আব্দুল রশিদের ৭ শতাংশ, আনারুলে) ২২ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ড সংঘটিত এলাকা টিপু সুলতান সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাসের চুলা ব্যবহার ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে মঙ্গলবার (৬ জুন) দিনগত রাত ২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হন। পরে তিতাস গ্যাসের দুটি টিম ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে যুক্ত হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।