সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

সিলেটের নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বুধবার (৭ জুন) ভোরে ৫টা ৩৯ মিনিটে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়‌টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আরও দুজনের ‍মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)। নিহতরা সবাই নির্মাণশ্রমিক।

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, সকাল ৬টার দিকে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপ ভ্যান। নাজিরবাজারে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে আরও দুই জন মারা যান। ঘটনার পর স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পিকআপটি এর চালক পালিয়ে যায়। তবে ট্রাকের চালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। মহাসড়কটিতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। তিন ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুলিশি তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়।

এমএফ