বিএনপিকে আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ফখরুল সাহেবে বলেছেন, সরকারের লাফালাফি কমে গেছে। তিনি বক্তব্য দেওয়ার সময় একটু লাফান। বিএনপির পেছনে আজরাইল আছে, তার সঙ্গে আবার শয়তানও আছে। তাই শয়তান যার সঙ্গে থাকে, আজরাইল তার কাছে আগে পৌঁছায়। তাই আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই।’
রবিবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো আগেও ছিল, এখনও আছে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এতটুকুও নষ্ট হয়নি। তবে প্রধানমন্ত্রী যা বলেছেন— সেটা হলো দক্ষিণ আমেরিকার সঙ্গেও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ভালো। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আছে।’
যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ট। সেটি ধরে রাখার পাশাপাশি আরও বাড়ানো হবে। এছাড়া যেসব দেশে সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলে সম্পর্ক বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে টেনশনে আছেন, তাদের টেনশন দূর করতে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।’
বিএনপির তথ্য সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারও তথ্য সংগ্রহ করছে। যারা আগুন সন্ত্রাস করেছে তাদের তালিকা করা হচ্ছে, উসকানি ও অর্থদাতাদের তালিকাও হবে। বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে সেসব মামলার বাদি, তদন্ত কর্মকর্তা ও গুম খুনের সঙ্গে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তালিকা করেছে দলটি।
তিনি বলেন, সরকারও বিএনপির যেসব নেতাকর্মী আগুন সন্ত্রাসে জড়িত ছিল এবং নির্বাচনে বাঁধা দিয়েছে তাদেরও তালিকা করছে। এসব তালিকা যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে দেবো এবং আমি নিজেও একটি মামলার বাদি হবো।’