চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর আগে জমিজমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মে) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মোহাম্মদ জাবেদ, হাবিজ আহমদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন হলেন— মিন্টু মিয়া।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর কর্ণফুলীতে সিমেন্টের পিলার বসিয়ে জায়গা দখলে বাধা দিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন আবদুস সবুর। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের সেপ্টেম্বরে ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ৮ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১৪৯/৩২৪ ধারায় অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেন। চার্জশিটভুক্ত দুই আসামি মৃত্যুবরণ করেন।
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।