লাফালাফি কমে সুর নিচে নেমে এসেছে: ফখরুল

লাফালাফি কমে সুর নিচে নেমে এসেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কয়দিন আগেও কত লাফালাফি, এখন লাফালাফি কমে এসেছে। সুর নিচে নেমে এসেছে, এখন বলছে—আমরা সংঘাত চাই না, আলাপ-আলোচনার মধ্য দিয়েই করতে হবে, বাধা তো দিচ্ছি না। এই সেদিনও বিভিন্ন জেলায় আমাদের বাধা দেওয়া হয়েছে।’

সোমবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমেরিকা থেকে রেমিট্যান্স নাকি বাড়তে শুরু করেছে, বেশি আসছে! কী এমন জাদু তৈরি হলো! এ জাদুর কারণ হলো তারা চোর, চোর, চোর।

এ দেশ থেকে যারা আমেরিকায় যায়, তাদের বেশিরভাগই বাড়িভিটা বিক্রি করে যায়, তারা রেমিট্যান্স পাঠায় না, রেমিট্যান্স পাঠায় মূলত মধ্যপ্রাচ্যে যারা থাকে।

তিনি বলেন, এই টাকা পাচারের টাকা। তাদের সবদিক থেকেই চুরি, এখন এসব টাকা আনছে, কারণ ২.৫ শতাংশ ইনসেন্টিভ (প্রণোদনা) পাবে।

সিপিডির অর্থনীতি সমীক্ষার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সিপিডির প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক অবস্থার চেয়ে খারাপ কখনোই ছিল না।

বিএনপি মহাসচিব বলেন, আজকের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক, ১৯৭৫ সালে তথাকথিত সমাজতান্ত্রিক দুর্নীতির অর্থনীতি ব্যবস্থা থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছে। তলাবিহীন ঝুড়িকে জিয়াউর রহমান ১ বছরের মধ্যে সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, ২০১৪ ও ২০১৮ সাল আমরা দেখেছি। আর দেখতে চাই না। সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আমরা শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার অধিকার চাই। দেশের সব মানুষকে, সব দলকে ঐক্যবদ্ধ করে এ সরকারের পতন করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।