গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশপ্রহরীকে বেঁধে রেখে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে যান।
শনিবার (২৭ মে) দিনগত গভীর রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর বাজার শাখায় এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে।
রোববার (২৮ মে) রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন— উপজেলার কোচাশহর এলাকার ব্যবসায়ী মো. আ.লতিফ, চা দোকানি রাশেদ মিয়া, সবুজ মিয়া ও ব্যাংকের নৈশপ্রহরী জুয়েল মিয়া।
ব্যাংক ম্যানেজার জেসমিন আকতারের দাবি, প্রতিদিনের মতো ব্যাংকের ভল্ট বন্ধ করে চলে যাই। ওইদিন রাতে বেশ কয়েকজন ডাকাত সুকৌশলে ব্যাংকের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমিয়ে থাকা নৈশপ্রহরী জুয়েল মিয়াকে বেঁধে ভল্টের তালা খুলে সেখানে থাকা প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সকালে ব্যাংকে এসে নৈশপ্রহরীর কাছ থেকে ঘটনা শুনে থানা পুলিশে খবর দেই।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ব্যাংকের সব তালা স্বাভাবিক ভাবেই খুলে ব্যাংকে প্রবেশ এবং ভল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। ঘটনাটি রহস্যজনক। কোথাও তালা ভাঙ্গার আলামত পাওয়া যায়নি। এটি নিয়ে এখনও তদন্ত চলছে।