বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও বিদেশে প্রভু ছিল না, বন্ধু ছিল। প্রধানমন্ত্রীরও বিদেশে প্রভু নেই, বন্ধু আছে। একাত্তরেও আমরা বন্ধু পেয়েছিলাম, এখনও পাবো। প্রধানমন্ত্রী কারো বাধা মানেন না। তিনি তার কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন।’

রোববার (২৮ মে )  রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, কোনো অবস্থায় বিএনপির নেতাদের ওপর আক্রমণ করা যাবে না। তবে তারা করলে আর ছাড় নয়। কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের মাথাব্যথা নেই, বিদেশিরা আমাদের বন্ধু। বিএনপি অসুস্থ রাজনীতি করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে।

তিনি বলেন, নোংরা ও নষ্ট রাজনীতি করে বিএনপি। এদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ নয়। তাই শপথ নিতে হবে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাসের পৃষ্ঠপোষক এই অপশক্তি বিএনপিকে প্রতিহত করতে হবে।

নির্বাচন নিয়ে মার্কিন ভিসানীতির বিষয়ে কাদের বলেন, বিদেশের ভিসানীতি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ভিসানীতিতে বলা হয়েছে, যারা স্বচ্ছ নির্বাচনে বাঁধা দেবেন, তাদের ভিসা দেয়া হবে না। এখানে বাধা কারা দিচ্ছে? বিএনপি। বিএনপি বাধা দিলে সমস্যা তাদের। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াতে আছি। আর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আমাদের দেশব্যাপী শান্তি সমাবেশ চলমান থাকবে।

কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার উল্লেখ নেই, তাই এ বিষয়ে কথা বললে বিএনপি ভিসানীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কী হবে, সেটাই দেখার বিষয়।

সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আফম বাহাউদ্দীন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।