মেয়র তাপসের বক্তব্য খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

আজ বুধবার (২৪ মে) বেলা সাড়ে ১১টা পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে বিষয়টি নজরে আনেন তিনি।

এ সময় একটি দৈনিকে প্রকাশিত এমন বক্তব্য পড়ে শোনানো হলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আগে এটি দেখি।’

আদালত থেকে বের হয়ে সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, ‘এটা বড় রকমের অবক্ষয়। এ জন্য আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম। আদালত বলেছেন, তাঁরা দেখবেন। আমরা প্রত্যাশা করছি পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বক্তব্যে বিচার বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ মনঃক্ষুণ্ন হয়েছে। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এই বিচার ব্যবস্থার জন্য। বিচারকদের কথা শুনলে গ্রামের একজন চাষিও বলতে পারেন ন্যায় বিচার পাব।’

ব্যারিস্টার আমীর আরও বলেন, মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কেও কটাক্ষ করে কথা বলেছেন। বারের সিনিয়র আইনজীবীদের নিয়েও কটাক্ষ করেছেন। বিচার বিভাগকে হেয় করেছেন। এই অধিকার তিনি কোথায় পেয়েছেন? এটা অত্যন্ত উদ্ধতপূর্ণ। তাঁর এ বক্তব্য আদালত অবমাননা।