আওয়ামী লীগের নেতৃত্বের অধিকাংশই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আজকের আওয়ামী লীগের যে নেতৃত্ব আছেন, তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু তারা স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল তুলেন।’তিনি বলেন, ‘আমি প্রশ্ন করতে চাই- আপনারা কি দেখিয়ে দিতেন পারবেন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন তাদের কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন।  আমাদের (বিএনপি) স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি রয়েছে, আমাদের সঙ্গে যারা আছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।’

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় সাবেক মন্ত্রী বাবু সুনীল কুমার গুপ্তের ১৪তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অনেক পুরানো। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দলের প্রতিষ্ঠাতা। তাকেও আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে। কারণ তার চিন্তা-ভাবনার সঙ্গে পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে যারা এসেছেন তার সঙ্গে মিল ছিল না। আজকের যে আওয়ামী লীগ পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছিলেন, তাদের সঙ্গে আজকের নেতৃত্ব তেমন একটা মিল আছে বলে আমি মনে করি না’, বলেন তিনি।

আজকে এই সরকারের কত দাম্ভিকতা উল্লেখ সাবেক এই মন্ত্রী বলেন, ‘আজকে যখন সব মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন তারা বলছেন এই বাতিল করা হবে না। কেন হবে না? তাদের ক্ষমতায় থাকার জন্য।’ এই সরকার জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু। আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।