ব্যাংক থেকে ঋণ নিয়ে তা না দেওয়ার সংস্কৃতি চালু করেছিলেন জিয়াউর রহমান। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২ মে) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশন নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা মির্জা ফখরুল মে দিবসের এক অনুষ্ঠানে বলেছেন, সরকার শ্রমিকদের রুজি-রুটির অধিকার লুণ্ঠন করেছে। একইসঙ্গে একদলীয় শাসন কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ২০০৬ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল এক হাজার ছয়শ’ ৬২ টাকা। এখন সেটি আট হাজার টাকায় উন্নীত হয়েছে। বিএনপির আমলে শ্রমিক-কর্মচারী-কৃষকদের ওপর গুলি করে তাদের হত্যা করা হয়েছে। এ দেশে শ্রমিক-কর্মচারীদের অধিকার যদি লুণ্ঠন কেউ করে থাকে বা তাদের অধিকার খর্ব কেউ করে থাকে, সেটা হচ্ছে বিএনপি।
ড. হাছান মাহমুদ আরও বলেন, আইএমএফ প্রধান আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে রোল মডেল এবং অর্থনীতির সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন। সুতরাং বিশ্বব্যাংক তাদের ভুল বুঝতে পেরে সর্বতোভাবে আমাদের সহায়তা করতে চাচ্ছে, সেটিকে আমরা অভিনন্দন জানাই।