পারিশ্রমিক দিয়ে গাড়ি কিনেছিলেন ইমরান হাশমী, প্রথম দিনেই দুর্ঘটনা

একটা স্বপ্নের গাড়ি কেনার ইচ্ছা থেকেই করেছিলেন সিনেমা। পারিশ্রমিক হাতে পেয়েই সেই স্বপ্ন পূরণ করেছিলেন ইমরান হাশমী। তবে গাড়িটি কেনার আনন্দ বেশিক্ষণ টেকেনি—প্রথম দিনেই ঘটে যায় ছোট্ট দুর্ঘটনা!

সম্প্রতি ইমরানের পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানে অভিনেতা জানান, তার চতুর্থ ( তুমসা নহি দেখা) ছবির জন্য ২৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই অর্থ দিয়েই কিনেছিলেন নিজের পছন্দের গাড়ি।

ইমরান জানান, ওই সময় তার স্বপ্নের গাড়িটি কেনার ইচ্ছা ছিল। তাই ছবিটি করার অন্যতম কারণও ছিল গাড়িটি কেনা। শেষ পর্যন্ত গাড়িটি কিনেও ফেলেন তিনি।

কিন্তু গল্পে মজার মোড় আসে গাড়ি কেনার পর। প্রথমবার গাড়িতে বসেই ধাক্কা খেয়েছিলেন অভিনেতা। তখন গাড়িতে তার সঙ্গে ছিলেন সেই সময়ের প্রেমিকা, যাকে পরে বিয়ে করেন।

মজার ছলে ইমরান বলেন, গাড়িতে প্রথমবার দাগ পড়ে যাওয়ার পরই নাকি সেটিকে ভালোভাবে উপভোগ করা যায়।

এদিকে পুরনো সেই গল্পের বহু বছর পর আবারও আলোচনার কেন্দ্রে ইমরান। মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপান’-এর এই সিক্যুয়েল মুক্তির এক সপ্তাহের মধ্যেই দেশে ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ছবিটির সাফল্যের পর ইমরানের স্ত্রী পরভীন হাশমীও স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন। ২০০৬ সালে বিয়ে করা এই দম্পতি দীর্ঘদিন ধরেই একে অন্যের পাশে রয়েছেন।

একসময় স্বপ্নের গাড়ির জন্য সিনেমা করেছিলেন ইমরান, আর এখন সেই সিনেমাই তাকে এনে দিচ্ছে বক্স অফিসের নতুন সাফল্য— গল্পটা যেন সত্যিই সিনেমার মতো।