চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে কানের কাছে ঘুষি, চট্টগ্রামে নেওয়ার পথে মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় সমবয়সী বন্ধুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, তারেকুর তার দাদার পানের দোকানে সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে গেলে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তার কানের কাছে সজোরে ঘুষি মারে।
ঘুষির পর তারেকুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে পথিমধ্যে তারেকুরের মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।