কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশী নাগ‌রি‌কের মরদেহ শনাক্ত করা গে‌ছে। এদের ম‌ধ্যে ৪ জন একই প‌রিবা‌রের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, পরিবার চাইলে নিহত‌দের মর‌দেহ দে‌শ আনার খরচ সরকার বহন করবে।
এর আগে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলা‌দে‌শীর মৃত্যুর তথ‌্য নি‌শ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবায় একটি হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।
এদিন এক বিজ্ঞপ্তিতে উপ-হাইকমিশন এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।
বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।
যোগাযোগ : মো. ওমর ফারুক আকন্দ দ্বিতীয় সচিব (রাজনৈতিক)
মোবাইল : +৯১ ৮২৭৪৮২১৩৫২
হোয়াটস অ্যাপ : +৮৮০১৭১৭২৯১২৬৬ +৯১৯৯০৩৪২৬১১৯