চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত বিশেষ সভায় এই নির্দেশনা দেন তিনি।
সভায় পুলিশ কমিশনার চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে সর্বোচ্চ পেশাদারি, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।