খসড়া মহাপরিকল্পনা নিয়ে চউক ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খসড়া মহাপরিকল্পনা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের (এফপিসি) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় চউক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চউক কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন’ প্রকল্পের খসড়া মহাপরিকল্পনার ওপর চলমান জনমত গ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সার্বক্ষণিক সদস্য মো. জামিলুর রহমান এবং প্রকল্প পরিচালক মো. আবু ঈসা আনছারী উপস্থিত ছিলেন। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন জেরিনা হোসেন, ফারুক আহমেদ, মো. শাহীনুল ইসলাম খান, ড. মো. মনজুরুল কিবরীয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুহাম্মদ সিকান্দার খান, মো. জাফর আলম, এস এম শহীদ, এ বি এম এ বাসেত ও তসলিমা মুনা।

সভায় প্রকল্প পরিচালক মো. আবু ঈসা আনছারী খসড়া মহাপরিকল্পনার ওপর বিস্তারিত উপস্থাপনা দেন। এতে প্রকল্পের পটভূমি, পরিকল্পনা এলাকা, মহাপরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া এবং এতে অন্তর্ভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

উপস্থাপনা শেষে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিনিধিরা খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা তাঁদের মতামত, পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন। চট্টগ্রামের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে মহাপরিকল্পনাটি বাস্তবভিত্তিক, কার্যকর এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামতের প্রতিফলন ঘটিয়ে চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

মতবিনিময়কালে নগরের ভবিষ্যৎ উন্নয়ন, খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন প্রস্তাবনা, পরিকল্পনা বাস্তবায়নের কার্যকারিতা এবং সংশ্লিষ্ট পরিকল্পনাগত বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। ফোরামের পক্ষ থেকে উত্থাপিত মতামত ও সুপারিশগুলো মহাপরিকল্পনা চূড়ান্ত করার ক্ষেত্রে পর্যালোচনা করে বিবেচনায় নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি কার্যকর ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা প্রণয়নে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পেশাজীবী, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খসড়া মহাপরিকল্পনার ওপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাওয়া যৌক্তিক ও বাস্তবসম্মত মতামত যথাযথভাবে পর্যালোচনা করে চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে সরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে খসড়া মহাপরিকল্পনার ওপর মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিনিধিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।