দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. শিফা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা মনি উত্তর সুজাপুর গ্রামের মো. এস্তামুলের মেয়ে। তার মা মোছা. রিক্তা বানু। শিফা মনি স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে দিনাজপুর থেকে বগুড়াগামী একটি বাস শিফা মনিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’