নগরে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে আজ থেকে

গোলাপি রঙের গাড়িগুলোর চালক-হেলপার সবাই নারী চলবে কালুরঘাট থেকে ইপিজেড, ধাপে ধাপে বিস্তৃত হবে রুট

গণপরিবহনে নারীদের যাতায়াত আরো নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম নগরীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। নারী চালক ও হেলপার দ্বারা পরিচালিত গোলাপি রঙের বিশেষ এই বাস সার্ভিসের বাসগুলো আজ সকাল থেকে নগরীর বিভিন্ন রুটে চলাচল করবে। মহিলা বাস সার্ভিসটি নগরীর ব্যস্ততম এবং জনবহুল রুট হিসেবে পরিচিত কালুরঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে ইপিজেড পর্যন্ত নিয়মিত চলাচল করবে।

প্রাথমিকভাবে একটি ডাবল ডেকার বা দোতলা বাস এবং একটি একতলা বাস দিয়ে এই কার্যক্রম শুরু হবে। পরে যাত্রীর চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে এর পরিসর ধাপে ধাপে বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের কর্মজীবী নারীদের প্রতিদিনের যাতায়াত আরো স্বস্তিদায়ক, নিরাপদ এবং হয়রানিমুক্ত করার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে মহিলা বাস সার্ভিস এক নতুন অধ্যায়ের সূচনা করবে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে মনে করেন তারা। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি। বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) কামরুজ্জামান গতকাল আজাদীকে বলেন, নারীদের নিরাপদ যাতায়াতে চট্টগ্রাম শহরে মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির দুটি বিশেষ মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে।

গোলাপি রঙের এসব বাসে চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। এই বাস সার্ভিসটি নগরীর কালুরঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে ইপিজেড পর্যন্ত চলাচল করবে। এর মধ্যে একটি ডাবল ডেকার বা দোতলা বাস, আরেকটি একতলা বাস। ধাপে ধাপে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। তিনি জানান, কালুরঘাট থেকে প্রথম বাসটি ছাড়বে সকাল সাড়ে ৭টায়। এর আধ ঘণ্টা পর দ্বিতীয় বাস ছাড়বে।

বিআরটিসি অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক থেকে শুরু করে কর্পোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও শপিংমলে কর্মরত নারীরা প্রতিদিন সকালে গন্তব্যে পৌঁছাতে এবং বিকালে বাসায় ফিরতে গিয়ে গণপরিবহনে নানা প্রতিবন্ধকতা ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তা নিরসনে সরকারের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে নারীদের জন্য আলাদা ও সংরক্ষিত গণপরিবহন চালুর দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন নারী সংগঠন।

চলাচলের রুট : মহিলা বাস সার্ভিসের বাসগুলো প্রতিদিন কালুরঘাট থেকে ইপিজেড পর্যন্ত চলাচল করবে। সকাল সাড়ে ৭টায় কালুরঘাট থেকে প্রথম বাস ছাড়বে। এরপর কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নং গেট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট ও আগ্রাবাদ হয়ে ইপিজেড পর্যন্ত চলবে। কালুরঘাট–ইপিজেড পথে প্রতিদিন হাজার হাজার নারী বিভিন্ন পেশাগত কাজে যাতায়াত করেন। ফলে এই রুটে বাস সার্ভিসটি চালু হলে তাদের কষ্ট লাঘব হবে।