চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৭৮২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস। একই সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে বাংলাদেশ বিমানের BG-148 ফ্লাইটে আসা তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের ব্যাগেজ থেকে ৭৮২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন পাওয়া যায়। পরে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমসের হিসাবে, জব্দ করা ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে সিগারেটের মূল্য প্রায় ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং ১৩টি আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সিগারেট বহনের ঘটনায় জড়িত হিসেবে মঈনুল আবদিন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ-এর নাম জানিয়েছে কাস্টমস। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলায় বলে জানা গেছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের কাছ থেকে জব্দ করা পণ্য ডিটেনশন মেমোরেন্ডাম (DM) মূল্যে জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।
এ ঘটনায় আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।