জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী মো. শফিককে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে বহদ্দারহাটের ফরিদের পাড়া তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শফিক ওই এলাকার রফিক কন্ট্রাক্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানা এলাকায় যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি করে আসছিলেন। 
তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের অনুসারী হিসেবেও এলাকায় পরিচিত। গত ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে মো. সেলিম নামে এক ভুক্তভোগী চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
শফিক ওই মামলার ৪৮ নম্বর এজাহারনামীয় আসামি।

এই বিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি শফিককে ফরিদের পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।