তিনশ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব বাঁশখালীতে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সনাতন ধর্মাবলীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় রথযাত্রা পালন করছে| পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণের বৃন্দাবন গমনের স্মারক এই উৎসব শ্রী শ্রী জগনাথদেবের রথযাত্রা হিসেবে সমধিক পরিচিত| প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রাকে উৎসবমূখর আয়োজন হয়| এবারও উপজেলার প্রতিটি মঠ মন্দিরে পূজা অর্চনা এবং বানীগ্রাম, পালেগ্রাম, জলদী পৌরসভা ও নাপোড়ায় রথযাত্রার আয়োজন করা হয়| বাঁশখালীতে রথযাত্রা উপলক্ষে সবচেয়ে বড় শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে সাধনপুর ইউনিয়নের বানীগ্রামে| প্রতিবছর বানীগ্রাম জগন্নাথধামের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে যোগ দিতে উপজেলার হিন্দু সম্প্রদায় ছাড়াও দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন|
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বানীগ্রাম জগন্নাথধামে পুণ্যকর্মে যোগ দিতে জড়ো হন তিন সহস্রাধিক পূণ্যার্থী| আয়োজক কমিটির সাজানো রথের দড়ি টেনে রথ এগিয়ে নেন তারা| ভক্ত পূণ্যার্থীদের বিশ্বাস রথযাত্রার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ভগবানের দর্শন লাভ, পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভের সুযোগ লাভ করেন|
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল জানান, তিনশতাধিক বছর ধরে বানীগ্রাম জগন্নাথধামে রথযাত্রা অনুষ্টিত হচ্ছে| এই তিথি উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পূণ্যার্থীর সমাগম হয়| ধর্মীয় ও ঐতিহ্যগত দিক থেকে রথযাত্রা উৎসব এই অঞ্চলের আলোকিত ইতিহাস|