বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫) মারা যান।

নিহত দিদারুল আলম বোয়ালখালী উপজেলার বদন আলীর বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ আলম পটিয়া উপজেলার হুলাইন এলাকার ইয়াসিন আউলিয়ার মাজার বাড়ির বাসিন্দা।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিদারুল আলম ও মোহাম্মদ আলমের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। আগুনে তাদের শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ আরও কয়েকজন শ্রমিকের অবস্থা সংকটাপন্ন।

উল্লেখ্য, বৃহস্পতিবার কনফিডেন্স লবণ কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হন।