গণতান্ত্রিক দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিএনপির নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের শক্তিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি।”
চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রসঙ্গ উল্লেখ করে মীর হেলাল বলেন, “ওয়াসিম ছাত্রদলের সদস্য ছিল, এটি তার পরিচয়ের একটি অংশ। তার চেয়ে বড় পরিচয়, সে ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সৈনিক।”
তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে একটি মানবিক ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা সময়ের ব্যাপার মাত্র।
সভায় সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমসহ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস সংরক্ষণ করা হবে। তিনি বলেন, “ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পলাতক স্বৈরাচারের সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে। তিনি এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী এমপি বলেন, ফ্যাসিবাদের সময় মানুষ সবসময় গুম, খুন ও হামলার আতঙ্কে থাকত। এখন সেই পরিস্থিতি নেই। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সেই সময় আর ফিরে আসবে না।
বিশেষ অতিথি সাঈদ আল নোমান তুর্য এমপি বলেন, “একাত্তর আমাদের অস্তিত্ব, চব্বিশ আমাদের পাথেয়।” তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনীতি ও সমাজব্যবস্থায় দীর্ঘদিন পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ছিল ছাত্রদল এবং সংগঠনটি সেই চেতনাকে ধারণ করে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলা উদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সরোয়ার রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।