চট্টগ্রামের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাকি থাকা সব বিষয়ের পরীক্ষাও আপাতত অনুষ্ঠিত হবে না।

এদিকে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ) ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।