ঔষধি গাছের ফটিকছড়ি গড়তে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

ফটিকছড়িতে ঔষধি বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি পালন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ অ্যান্ড এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ফটিকছড়ির নানুপুরের গামরীতলায় মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে ‘সুস্থ জীবন, সমৃদ্ধ দেশ; ঔষধি গাছেই বাংলাদেশ’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৩০০ শিক্ষার্থীর মাঝে নিম, তুলসী, বাসক, অর্জুন, হরিতকী, আমলকী ও অ্যালোভেরাসহ বিভিন্ন ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গত তিন বছর ধরে সংগঠনটি ঔষধি গাছ রোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে গামরীতলা গ্রামকে একটি বিশেষায়িত ‘ঔষধি গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো এলাকার প্রতিটি বাড়িতে অন্তত একটি করে ঔষধি গাছ রোপণ নিশ্চিত করা।

তারা আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্যে ভেষজ চিকিৎসার প্রসারে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ অ্যান্ড এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি, নায়েবে সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি মওলানা মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ. এম. কামাল উদ্দীন, দারুত-তাআলিম সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল মনছুর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন, কক্সবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু মুসা, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।