চন্দনাইশে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাকর্মী নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে পৌরসভা চত্বরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থমন্ত্রী ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ত্রাণ নিতে আসা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে বার্মা কলোনির রাশেদা আক্তার, খাগরিয়ার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং উল্লাপাড়ার আয়েশা আক্তারসহ কয়েকজন দোহাজারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে মন্ত্রীসহ সবাই নিচে পড়ে যান। কেউ তেমন আহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।”