বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষীদের সকল সহায়তার আশ্বাস কৃষি মন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের ধানবীজ ও চারা দেওয়া হবে জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে টিকার আওতায় আনা হবে|
শুক্রবার (১৭ জুলাই) চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মধ্যে ধানবীজ ও কৃষি উপকরণ বিতরণ এবং গবাদিপশুর টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন|
মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে| কৃষকদের বীজতলা নষ্ট হওয়ার পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়ন ও ব্লক পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বীজের ব্যবস্থা করা হয়েছে| এসব বীজতলায় উৎপাদিত চারা ১৫ থেকে ২০ দিন পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে| পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা এসব চারা রোপণ করতে পারবেন|’ মন্ত্রী আরো বলেন, বন্যাকবলিত পাঁচ জেলায় ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে| উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠন করা হয়েছে|
বন্যার কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সহায়তা আরও বাড়ানো হবে| তিনি বলেন, বন্যায় মাছ চাষের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ে জরিপ চলছে| জরিপ শেষে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে| এছাড়া সারাদেশে পর্যায়ক্রমে প্রায় দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে| উৎপাদন এলাকার কাছেই এসব সংরক্ষণাগার স্থাপন করা হবে| এতে কৃষক অতিরিক্ত পরিবহন ব্যয় ছাড়াই ফসল সংরক্ষণ করতে পারবেন এবং বাজারে ভালো দাম পেলে তা বিক্রি করতে পারবেন| বন্যা ও জলাবদ্ধতা কমাতে অবৈধভাবে দখল হওয়া সরকারি খাল উদ্ধার এবং প্রয়োজনীয় খনন কার্যক্রম অব্যাহত থাকবে| সরকারি খাল দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি|
এর আগে মন্ত্রী বীজতলায় নিজ হাতে ধানবীজ বপন করেন| পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানবীজ বিতরণ, মৎস্যচাষীদের মধ্যে পুকুর পুনর্বাসনের উপকরণ, খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ এবং গবাদিপশুকে এফএমডি ও পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন|